নাৎসিদের মতো আওয়ামী লীগও আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ঐক্যের মাধ্যমে পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র ও নাশকতার চেষ্টা মোকাবিলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জার্মানিতে নাৎসিরা যেমন ফিরে এসে রাজনীতি করতে পারেনি, তেমনি গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও বাংলাদেশে আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না।

- Advertisement -

বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তের ওপার থেকে কথিত উসকানি, শ্রমিক আন্দোলন, নাশকতার আশঙ্কা এবং মানবাধিকার রক্ষায় সরকারের অবস্থান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। কখনো বিক্ষোভ, কখনো হরতাল কিংবা অন্য কোনো কর্মসূচির নামে পরিস্থিতি অশান্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব অপচেষ্টা মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখা জরুরি।

সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিরোধীদলীয় নেতার একটি পুরোনো বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা রাজনৈতিক নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা না করার ঘোষণা দিয়েছিলেন। তবে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত নির্যাতন ও নিপীড়নের জন্য অনুশোচনা বা ক্ষমা না চেয়েই তাদের একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক নয় বলে মনে করেন তিনি।

সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি রয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, বিদেশি বিভিন্ন সংস্থার ব্যক্তিদের সঙ্গে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের গোপন বৈঠকের বিষয়টিও জনগণের সামনে এসেছে। এ ছাড়া পলাতক আওয়ামী লীগ নেতাদের নির্দেশে জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি ও তাঁদের বাড়িঘরে হামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে বাসে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে এ ধরনের অগ্নিসংযোগের ইতিহাস জড়িয়ে আছে। তাঁর দাবি, অতীতের মতো বর্তমানেও অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে নাশকতার চেষ্টা চলছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনোভাবেই পেটুয়া বাহিনীতে পরিণত করতে চায় না। নির্বাচনী ইশতেহার অনুযায়ী আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা রেখেই দেশ পরিচালনা করা হবে। তবে পরিস্থিতির প্রয়োজনে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে সরকার দ্বিধা করবে না।

তিনি বলেন, বিভিন্ন আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আক্রান্ত হলেও বাহিনী মানবাধিকার লঙ্ঘনের মতো কর্মকাণ্ডে জড়ায়নি। তবে এই উদারতার সুযোগ নিয়ে পতিত ফ্যাসিবাদী শক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে তাঁর ধারণা। মানবাধিকারের সীমারেখা বজায় রেখেই নাশকতা ও ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার আইনগত অধিকার অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, শ্রমজীবী মানুষকে উসকে দিয়ে আন্দোলনকে অস্থিতিশীলতার দিকে নেওয়ার চেষ্টা হয়েছে। তাঁর দাবি, সীমান্তের ওপার থেকে অর্থায়ন করে স্থানীয় ও জাতীয় শ্রমিক সংগঠনের নেতাদের মাধ্যমে মজুরি বোর্ড গঠন এবং ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এ ঘটনায় পতিত সরকারের পলাতক কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যের সম্পৃক্ততার প্রমাণ সরকারের হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।

সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতাদের বিরুদ্ধেও আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ তোলেন সালাহউদ্দিন আহমদ। এ-সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে দেশজুড়ে শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সভা আয়োজনের বিষয়ে তিনি বলেন, ঘটনাটি নিয়ে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং সভায় অংশ নেওয়া সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক চিত্রও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর এবং ২০২৬ সালের একই সময়ের বিভিন্ন সূচকের তথ্য বিশ্লেষণ করে তিনি দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এই অগ্রগতি ধরে রাখতে বিরোধী দলসহ সব রাজনৈতিক দল ও নাগরিকের সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ