যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না হরমুজ প্রণালি, ইরান-ওমানের সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর হরমুজ প্রণালির ব্যবস্থাপনা আর আগের অবস্থায় ফিরবে না বলে ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। গুরুত্বপূর্ণ এই নৌপথের তদারকি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। যুদ্ধ অবসানে তেহরানের প্রস্তাবিত সাত দফা পরিকল্পনার অংশ হিসেবে এ সমঝোতা হয়েছে।

- Advertisement -

বুধবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন গালিবাফ। আট মাস ধরে চলা সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা এবং হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

গালিবাফের ভাষ্য, হরমুজ প্রণালিতে কোনো ‘মুক্ত জলসীমা’ বা আন্তর্জাতিক জলসীমা নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এ প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে দাবি করেন তিনি। তাঁর মতে, প্রণালির দুই উপকূলবর্তী দেশ ইরান ও ওমানের নিজস্ব আইন ও নিয়ম অনুযায়ী এর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা পরিচালিত হবে।

শান্তি আলোচনায় ইরানের সাত শর্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে গালিবাফ জানান, কাতারের মধ্যস্থতায় ইরানের অবস্থান ওয়াশিংটনকে জানানো হয়েছে। যুদ্ধ বন্ধে সাতটি শর্তসংবলিত প্রস্তাবও পাঠিয়েছে তেহরান। এখন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান। গালিবাফের কথায়, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি তহবিল মুক্ত করা, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধের অবসান ঘটেছে—এমন স্পষ্ট ঘোষণা দেওয়া।

গালিবাফের দাবি, এসব বিষয় জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে পূর্বসম্মত শর্তগুলো বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আগের সমঝোতার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখে, নতুন কোনো দাবি না তোলে এবং অবিশ্বাস তৈরি করে এমন আচরণ থেকে বিরত থাকে, তাহলে চুক্তিতে পৌঁছানো সম্ভব।

তবে আলোচনার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থার সংকটকে চিহ্নিত করেছেন তিনি। গালিবাফ বলেন, দুই দেশের মধ্যে সমঝোতা হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের বিশ্বাসের অভাবই প্রধান প্রতিবন্ধকতা।

পুতিনকে মধ্যস্থতার অনুরোধ যুক্তরাষ্ট্রের

সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতা নিয়েও কথা বলেন গালিবাফ। তাঁর দাবি, পুতিনের মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা তাঁকে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এমন হামলা হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজয়ের মুখে পড়বেন বলে হুঁশিয়ারি দেন গালিবাফ। একই সঙ্গে আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন মার্কিন কংগ্রেসের কাছ থেকেও ট্রাম্পকে রাজনৈতিক চাপ মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

গালিবাফ বলেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রতিরোধক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

ইয়েমেন সংকটেও মধ্যস্থতার প্রস্তাব

ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যকার সংঘাত নিয়েও কথা বলেন ইরানের প্রধান আলোচক। তাঁর মতে, এ সংঘাতে বাইরের কোনো পক্ষের হস্তক্ষেপ করা উচিত নয়।

হুতি গোষ্ঠী আনসার আল্লাহ নামেও পরিচিত। গালিবাফ বলেন, ইয়েমেনের সরকার ও সৌদি আরব উভয় পক্ষ ইরানের সহায়তা চাইলে তাদের মধ্যকার বিরোধ নিরসনে তেহরান সহযোগিতা করতে প্রস্তুত।

এর আগে সৌদি আরবের ওপর ধারাবাহিক প্রাণঘাতী হামলার পর গত অক্টোবরেও সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছিল ইরান।

সব মিলিয়ে গালিবাফের বক্তব্যে স্পষ্ট হয়েছে, যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় আগের অবস্থায় ফিরে যেতে রাজি নয় তেহরান। একই সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ অর্থ ফেরত এবং সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধের মতো শর্ত পূরণ না হলে সমঝোতায় পৌঁছানো কঠিন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

সর্বশেষ