বিশেষ প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু বিপর্যয়ের শিকার দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়ানো সমাধান নয়; বরং তাদের প্রয়োজন অনুদান, সহজ শর্তে অর্থায়ন ও আধুনিক প্রযুক্তির সুবিধা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব দাবি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এমন বাস্তবতার মধ্যেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।
‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার সুযোগ নেই। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।
নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ শিল্পায়নে পরিকল্পনা
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যেও কাজ চলছে।
বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে উৎসাহ দেওয়া হচ্ছে।
সবুজ শিল্পায়নের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি তৈরি পোশাক কারখানা লিড সনদ পেয়েছে। পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা, বিশেষ করে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানো এবং পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসারেও উদ্যোগ নেওয়া হয়েছে। কার্বন বাণিজ্য পরিচালনার জন্য একটি জাতীয় কাঠামো তৈরির কাজও চলছে।
পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনার পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পানির ধারণক্ষমতা বাড়ানো, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর উন্নত করার লক্ষ্য রয়েছে।
এ ছাড়া উপকূলীয় এলাকায় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাব
বর্তমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে তারেক রহমান বলেন, উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার এ ব্যবস্থায় যথাযথ গুরুত্ব পাচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সক্ষমতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এ পরিস্থিতি মোকাবিলায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে পাঁচটি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এগুলো হলো—
১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করা।
২. জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করা।
৩. পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করা।
৪. সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করা।
৫. কপ-৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করা।
ঋণ-ত্রাণের প্রস্তাবের ব্যাখ্যায় তিনি ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ বা জলবায়ু-সহনশীল ঋণ ধারা এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’ বা জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফের বিষয় তুলে ধরেন। প্রস্তাবিত অ্যাকশন মেকানিজম বাস্তবায়নে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
নারী-তরুণদের অংশগ্রহণ ও নিঃসরণ কমানোর আহ্বান
জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব অর্থনীতির বিকাশের পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ওপর জোর দেন তিনি।
ভাষণের শেষাংশে কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসার প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন ও বৈশ্বিক সংহতি জোরদারের আহ্বান জানান তিনি।

