লিবিয়ায় মো. সাইফুল (৩৯) নামে এক প্রবাসী যুবককে জিম্মি করে পরিবারের কাছে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সিআইডির দাবি, তাঁরা লিবিয়ায় মানবপাচার ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য।
শুক্রবার (১৩ নভেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সিআইডির তথ্যমতে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সাইফুল প্রায় দুই বছর আগে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় সোহেল নামের এক দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান। সেখানে পৌঁছানোর পরই মানবপাচারকারী চক্রের সদস্যরা তাঁকে জিম্মি করে।
পরিবারের কাছে মুক্তিপণ দাবির ঘটনা শুরু হয় ২০২৫ সালের ৫ আগস্ট। ওই দিন লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে কল করে জানানো হয়, সাইফুলকে আটক রাখা হয়েছে। তাঁকে জীবিত ফেরত পেতে হলে ৩০ লাখ টাকা দিতে হবে। টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়।
অপহরণকারীরা আরও জানায়, সাইফুলের সঙ্গে কথা বলার সুযোগ পেতে হলে আগে মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধ করতে হবে। ছেলের জীবন বাঁচানোর আশায় পরিবারের সদস্যরা ১০ থেকে ২৫ আগস্টের মধ্যে কয়েক দফায় পাঁচ লাখ টাকা পাঠান। সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে চক্রটির দেওয়া একাধিক নম্বরে এসব টাকা পাঠানো হয়। কিন্তু টাকা পাওয়ার পরও পরিবারের সঙ্গে সাইফুলের কোনো যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি।
এরপর সোহেল পরিচয় দেওয়া এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। সাইফুলের বিষয়ে সব তথ্য তাঁর কাছে রয়েছে দাবি করে তাঁকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার আশ্বাস দেন। এ জন্য সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলেন। কিন্তু সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে ওই ব্যক্তির মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সিআইডি জানায়, পরে অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হয়। ছেলেকে উদ্ধারের কথা বলে এবার তাঁর কাছে ৪২ লাখ টাকা দাবি করা হয়। ফোনে জানানো হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক রয়েছেন। তাঁদের কাছ থেকেই আব্দুস সামাদের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে বলে দাবি করা হয়।
তবে ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন আব্দুস সামাদ। এরপর থেকে অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
ছেলের জীবন নিয়ে উদ্বেগ এবং মুক্তিপণের নামে প্রতারণার শিকার হয়ে আব্দুস সামাদ ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মানবপাচার ও প্রতারণার অভিযোগে মামলা করেন। পরে মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডির টিএইচবি শাখা।
তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে মনোয়ার হোসেন ও সোহেল রানার সংশ্লিষ্টতা শনাক্ত করা হয়। এর ভিত্তিতে নাটোরের সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ এবং মামলার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চক্রের অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে সাইফুলকে লিবিয়ার কোথায় আটকে রাখা হয়েছে, মানবপাচারের সঙ্গে কারা জড়িত এবং কোন পথে তাঁকে পাচার করা হয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
সাইফুলকে উদ্ধার এবং দেশি-বিদেশি মানবপাচারকারী চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

