লগি-বৈঠা নিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, বিএনপির ধাওয়ায় ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কালকিনি পৌর এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ডে শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মিছিল বের করেন দল দুটির নেতাকর্মীরা। এ সময় ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।

- Advertisement -

ঘটনাস্থল থেকে ‘জয় বাংলা’ স্লোগান লেখা অর্ধশতাধিক লগি-বৈঠা উদ্ধারের কথা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ সেখানে গিয়ে অভিযান চালায়।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের কালকিনি উপজেলা শাখার প্রচার সম্পাদক মো. শাহাজালাল হাওলাদারের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিল থেকে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন অংশগ্রহণকারীরা।

এ খবর ছড়িয়ে পড়লে কালকিনি পৌরসভা বিএনপির সহসভাপতি জব্বার হাওলাদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হোসেনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। একপর্যায়ে তারা মিছিলকারীদের ধাওয়া দিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।

পরে ঘটনাস্থল থেকে বেশ কিছু লগি-বৈঠা উদ্ধার করেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এসব লগি-বৈঠায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা ছিল বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে পরে ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভা বিএনপির সহসভাপতি জব্বার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদল নেতা শামীম মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল ইসলাম মুন্সি এবং পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক হাসান হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

ঘটনার বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, পলাতক ছাত্রলীগের কয়েকজন কর্মী হঠাৎ করে প্রায় দুই মিনিটের জন্য মিছিল করার চেষ্টা করেন। এ সময় তারা প্রতিরোধের মুখে পড়ে পালিয়ে যান। তাদের বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগ রয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ