বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের একটি টেলিযোগাযোগ স্থাপনায় হামলার পাল্টা জবাব হিসেবে মার্কিন স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়ায় বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে অভিযান চালানোর কথা জানায় আইআরজিসি।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, এই হামলার মধ্য দিয়ে ‘আগ্রাসী শত্রুকে’ স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের আকাশসীমায় উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল পাচারের প্রচেষ্টা বন্ধ করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়, ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন কিংবা আগ্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে ইরানের আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স কোনো ধরনের সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় হামলার এই দাবি সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।
সূত্র: আল জাজিরা।

