সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিশেষ নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এ ছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা স্মরণসভায় অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।
শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণসভাকে তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক আদর্শ, নেতৃত্ব, ব্যক্তিত্ব এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, কর্মময় অভিজ্ঞতা এবং নানা অজানা অধ্যায় তুলে ধরা হবে।
এ লক্ষ্যে রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবীসহ বেগম খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থে খালেদা জিয়ার জীবন ও ব্যক্তিত্ব, নেতৃত্ব, গণতান্ত্রিক আন্দোলন, পররাষ্ট্রনীতি, দেশপ্রেম ও জাতীয় সার্বভৌমত্ব, নারীশিক্ষা ও নারী নেতৃত্ব, সামাজিক উন্নয়ন এবং সংসদীয় রাজনীতিতে তার অবদান নিয়ে লেখার সুযোগ রাখা হয়েছে।
এ ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়নে তার দর্শন, নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, সরকার পরিচালনা, সুশাসন, রাজনৈতিক জীবনের প্রত্যক্ষ স্মৃতিচারণ এবং জীবনের শেষ সময়ের নানা বিষয়ও স্মারকগ্রন্থে স্থান পাবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি লেখা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখা অবশ্যই মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। আগ্রহী লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে। সম্পাদকীয় পর্ষদের বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই স্মারকগ্রন্থে প্রকাশ করা হবে।
স্মারকগ্রন্থ প্রকাশের পাশাপাশি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিওচিত্র নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এতে তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব, সাফল্য এবং বাংলাদেশের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তার ভূমিকার বহুমাত্রিক মূল্যায়ন করা হবে। একই সঙ্গে এসব উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে বলে প্রত্যাশা আয়োজকদের।

