ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিজের মোবাইল ফোনে নজরদারি বা আড়ি পাতার অভিযোগ তুলেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় সব প্রমাণ নিজের মোবাইল ফোনেই রয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রীও জানেন বলে মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আয়োজিত একটি ইন্টারেক্টিভ প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এসব কথা বলেন রাহুল গান্ধী।
অনুষ্ঠানে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার একপর্যায়ে নিজের হাতে থাকা মোবাইল ফোনটি সামনে তুলে ধরেন তিনি। এ সময় রাহুল বলেন, তাঁর কাছে থাকা ফোনেই সব প্রমাণ রয়েছে। প্রধানমন্ত্রী জানেন, কারণ তিনি তাঁর ফোনে আড়ি পাতেন।
তবে নিজের ফোনে নজরদারির অভিযোগের পক্ষে ওই অনুষ্ঠানে কোনো যাচাইযোগ্য প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেননি কংগ্রেস নেতা।
এদিন আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান রাহুল গান্ধী। বিভিন্ন জাতীয় ও রাজনৈতিক ইস্যুতে সরাসরি মুখোমুখি আলোচনার মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসবে বলে মনে করেন তিনি।
এর আগেও ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ তুলেছিলেন রাহুল। তাঁর দাবি ছিল, পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে তাঁর নিজের ফোনসহ একাধিক রাজনীতিকের মোবাইল নজরদারির আওতায় আনা হয়েছিল।
২০২৩ সালে এক বক্তব্যে রাহুল দাবি করেছিলেন, তাঁর ফোনে পেগাসাস স্পাইওয়্যার ছিল। এমনকি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাঁকে ফোনে কথাবার্তার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, ফোনে বলা কথাবার্তা রেকর্ড করা হচ্ছে বলে তাঁকে জানানো হয়েছিল।
তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ভারতের কেন্দ্রীয় সরকার।
শুক্রবারের আলোচনায় রাহুল গান্ধী আরও বলেন, কে বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত এবং কে দেশবিরোধী—তা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে সরাসরি মুখোমুখি আলোচনা প্রয়োজন। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রকাশ্য বিতর্ক হলে এসব প্রশ্নের চূড়ান্ত জবাব পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: এনডিটিভি।

