ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার গ্রহণ এবং শরীরচর্চার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শনিবার (১৪ নভেম্বর) দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
বাণীতে তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বের অন্যতম বড় জনস্বাস্থ্য সমস্যা। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, যা উদ্বেগের বিষয়। সময়মতো রোগ শনাক্ত করা না গেলে কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। রোগটির জটিলতা কখনো কখনো মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে।
তিনি বলেন, সময়মতো রোগ শনাক্তকরণ, যথাযথ চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ রোগে আক্রান্ত ব্যক্তিরাও নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন। অন্যদিকে, যারা এখনো ডায়াবেটিসে আক্রান্ত হননি, তাদেরও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হওয়ার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপের পাশাপাশি সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সরকার এমন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে প্রত্যেকে মানসম্মত চিকিৎসাসেবা পাবেন এবং সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম ভিত্তি। সুস্বাস্থ্য ব্যক্তির জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতেও ভূমিকা রাখে।
বাণীতে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, গত দুই দশক ধরে বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে, যা বাংলাদেশের জন্য গৌরবের।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে গৃহীত কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।

