দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান।

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশের প্রত্যন্ত অঞ্চলে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। নিয়োগ পেতে যাওয়া এসব স্বাস্থ্যকর্মীর মধ্যে ৮০ শতাংশই থাকবেন নারী। এর মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসচেতনতা ও রোগ প্রতিরোধের কার্যক্রম পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

- Advertisement -

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) প্রতিষ্ঠার ১২ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধমূলক সেবার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পায়নি। এর ফলে দেশের ৯০ হাজারের বেশি গ্রামের বিপুলসংখ্যক নারী এমন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলোর অনেক কিছুই আগাম প্রতিরোধ করা সম্ভব।

তিনি বলেন, এই পরিস্থিতির পরিবর্তনে সরকার এখন প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশ নারী। তারা সাধারণ মানুষের মধ্যে রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজে ভূমিকা রাখবেন।

জুবাইদা রহমান আরও বলেন, মানুষের কাছে রোগ প্রতিরোধের সঠিক ধারণা পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং পারস্পরিক আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইদেশি গত ১২ বছর ধরে এসব বিষয়কে সামনে রেখে কাজ করে যাচ্ছে।

তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, গবেষণার কাজে প্রত্যাশিত অগ্রগতি না হলে হতাশ হওয়ার কারণ নেই। তাদের মনে রাখতে হবে, গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান অসংখ্য মানুষের জীবনকে সুস্থ ও নিরাপদ করতে সহায়তা করছে।

উল্লেখ্য, বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ফিরদৌসী কাদরীর উদ্যোগে প্রতিষ্ঠিত আইদেশি বৈজ্ঞানিক গবেষণা ও মানুষের বাস্তব স্বাস্থ্যগত প্রয়োজনের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। ব্যক্তিগত পুরস্কার ও পুরস্কারের অর্থায়নে ছোট পরিসরের একটি গবেষণাগার হিসেবে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমানে ১০০ জনের বেশি সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও গবেষকদের সমন্বয়ে এটি আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন বৈজ্ঞানিক সাময়িকীতেও প্রতিষ্ঠানটির গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে জনস্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, বাংলাদেশে বায়োলজিক্যাল পণ্যের ভবিষ্যৎ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্য উন্নয়নে টিকার ভূমিকা।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন আইদেশির চেয়ারম্যান আশফাক কাদরী। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদিরও বক্তব্য দেন।

স্বাস্থ্যসেবাকে শুধু রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিরোধ ও সচেতনতার দিকে গুরুত্ব দেওয়ার বিষয়টি অনুষ্ঠানে বিশেষভাবে উঠে আসে।

সর্বশেষ