ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন আইএইএ, মিলছে না ইউরেনিয়ামের হিসাব

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ)। দেশটির ঘোষিত পারমাণবিক উপাদান শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে কি না, কিংবা সেগুলো অন্য কোনো উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না সংস্থাটি। তেহরানের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য ও পরিদর্শনের সুযোগ না পাওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানিয়েছে আইএইএ।

- Advertisement -

শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত ইরানবিষয়ক এক গোপন প্রতিবেদনে সংস্থাটি জানায়, দেশটির পারমাণবিক উপাদানের সঠিক অবস্থান ও ব্যবহার সম্পর্কে যাচাই করার মতো পর্যাপ্ত তথ্য তাদের হাতে নেই। বিশেষ করে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে ইরানের ইসফাহান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছে আইএইএ। গত বছর স্থাপনাটির বিষয়ে সংস্থাকে অবহিত করলেও সেখানে পরিদর্শনের অনুমতি দেয়নি তেহরান। ফলে স্থাপনাটির বর্তমান অবস্থা, নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে কোনো পারমাণবিক উপাদান সংরক্ষিত রয়েছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

এর আগে ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এসব স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়নি দেশটি। সর্বশেষ ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধেও ইরানের পারমাণবিক অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হয়।

এ পরিস্থিতিতে দ্রুত ইরানে পরিদর্শন কার্যক্রম পুনরায় চালুর ওপর গুরুত্ব দিয়েছে আইএইএ। সংস্থাটির মতে, পারমাণবিক উপাদানের হিসাব যাচাই এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এখন অত্যন্ত জরুরি। এ জন্য ইরানকে পর্যায়ক্রমিক কিছু কারিগরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

আইএইএ জানিয়েছে, সামরিক হামলার কারণে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাইয়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সংস্থার সঙ্গে সহযোগিতার ঘাটতি পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।

এর আগে গত সেপ্টেম্বরে পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত তথ্য সরবরাহের বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ায় আইএইএর পরিচালনা পর্ষদ ইরানকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানোর সিদ্ধান্ত নেয়। গত দুই দশকের মধ্যে এই প্রথম দেশটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়।

আইএইএর আগের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে হামলার আগে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধতার ইউরেনিয়াম ছিল। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ বিশুদ্ধতার কাছাকাছি এই মাত্রা। অথচ ২০১৫ সালে ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছিল ৩ দশমিক ৬৭ শতাংশ।

তবে ২০২৫ সালের জুনের পর থেকে ইরানের এই বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি আইএইএ। সংস্থাটির ধারণা, মজুতের একটি অংশ ইসফাহান জ্বালানি সমৃদ্ধকরণ স্থাপনার কাছাকাছি থাকতে পারে। কিন্তু সরেজমিন পরিদর্শন করতে না পারায় এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

আইএইএর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার বর্তমান অবস্থা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুমকি অব্যাহত থাকায় পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব নয়। বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার আশঙ্কা থাকায় এ বিষয়ে আলোচনার পরিবেশ তৈরি হয়নি বলে আইএইএকে জানিয়েছে তেহরান।

ইরানের বক্তব্য, বর্তমান সংকটের মূল কারণগুলোর সমাধান এবং নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় বাস্তব পরিস্থিতি নিশ্চিত না হওয়া পর্যন্ত অচলাবস্থা কাটবে না। তবে পরিস্থিতি অনুকূলে এলে পারমাণবিক নিরাপত্তা-সংক্রান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য সরবরাহকারীদের সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার মার্কিন ঘোষণারও বিরোধিতা করেছে তেহরান। দেশটির অভিযোগ, এ ধরনের উদ্যোগ আইএইএর গোপনীয় তথ্যের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। এ বিষয়ে সংস্থাটিকে পাঠানো চিঠিতে পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত তথ্যের গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়েছে ইরান।

জবাবে বৃহস্পতিবার পাঠানো এক চিঠিতে আইএইএ জানিয়েছে, তাদের কাছে থাকা সব গোপনীয় তথ্যের সুরক্ষা নিশ্চিত করা হবে। এর আগে মার্কিন পুরস্কার ঘোষণার বিষয়টি সংস্থাকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল তেহরান।

গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্য দেওয়ার বিনিময়ে এই পুরস্কার ঘোষণা করে। বুধবার এ উদ্যোগের প্রতিবাদ জানিয়ে ইরান আইএইএ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানায়, তারা যেন যুক্তরাষ্ট্রের এই ঘোষণার নিন্দা জানায়।

সব মিলিয়ে ইরানের পারমাণবিক উপাদানের অবস্থান, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের সুযোগ না থাকায় পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। দ্রুত এ সংকটের সমাধান না হলে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও গভীর হতে পারে।

সূত্র: সিবিসি নিউজ, 

সর্বশেষ