নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জ জেলা শহরে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েক ঘণ্টার কর্মসূচিতে শহরের বিভিন্ন সড়কে মিছিল, টায়ারে আগুন, স্থাপনার নাম পরিবর্তন এবং ভাঙচুরের ঘটনা ঘটে। আতঙ্কে অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়, ব্যাহত হয় স্বাভাবিক জনজীবন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ১১টার পর গোপালগঞ্জ সদর ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে আসতে থাকেন। পরে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় তারা জড়ো হন। বেলা ১২টার দিকে লগি-বৈঠা হাতে একযোগে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা প্রদক্ষিণ করে।
একপর্যায়ে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন। এ সময় আওয়ামী লীগ ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। মিছিলে উল্লেখযোগ্যসংখ্যক নারী কর্মীকেও দেখা যায়।
মিছিল চলাকালে শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ ও প্রেসক্লাব এলাকাতেও আগুন জ্বালানোর ঘটনা ঘটে।
এ ছাড়া শহরের পৌরসভা কার্যালয়ের সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কে জড়ো করে আগুন দেওয়া হয়। শেখ কামাল স্টেডিয়ামসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুরের পর সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য, বিক্ষোভকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ পুনর্বহালের উদ্যোগ নেন। কলেজের ফটকে সরকারি বঙ্গবন্ধু কলেজ লেখা ব্যানারও টানিয়ে দেন তারা। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বর’-এর নাম পরিবর্তন করে আগের ‘জয় বাংলা চত্বর’ নাম পুনঃস্থাপন করা হয়।
পরে মিছিলকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সেটির তালা খুলে দেন। এসব ঘটনাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ চলাকালে লঞ্চঘাট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খান ও সহসভাপতি সামসুল হক।
এদিকে কর্মসূচি ঘিরে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। লঞ্চঘাট, বাজার এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুলিশ, বিজিবি, এসআরবি ও এপিবিএন সদস্যদের মোতায়েন করা হয়। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়। তবে পুরো কর্মসূচিতে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায়। বেলা দেড়টা থেকে ২টার মধ্যে মিছিলকারীরা শহর ছেড়ে চলে গেলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। পরে কিছু দোকানপাট খুলতে দেখা যায় এবং রিকশা-ভ্যান চলাচলও স্বাভাবিক হয়।
এসব ঘটনায় পুলিশের বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

