নিজস্ব প্রতিবেদক : পরিবেশদূষণ কমানো ও গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে আগামী তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস (ইভি) আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন রুটে চলাচলের জন্য বরাদ্দ রাখা হচ্ছে ২০০টি বাস। বাকি ৮০০টি দেশের অন্যান্য অঞ্চলে চালানোর পরিকল্পনা রয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের এ পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, গণপরিবহনের সেবার মান বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় প্রাথমিকভাবে ২০০টি বৈদ্যুতিক বাসের বহর গড়ে তোলা হবে। প্রথম পর্যায়ে ৫০টি বাস আনার কথা রয়েছে। এরপর আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসবে বলে আশা করছে সরকার।
প্রাথমিক পরিকল্পনায় বাসগুলোর মধ্যে ৫০টি থাকবে নারীদের জন্য সংরক্ষিত। গোলাপি রঙের এসব বাসে শুধু নারী যাত্রীরা চলাচল করতে পারবেন। বাকি ৫০টি হবে লাল রঙের সাধারণ বাস, যেখানে নারী-পুরুষ উভয়েই যাতায়াত করতে পারবেন।
বাসগুলোর দৈর্ঘ্যেও থাকবে পার্থক্য। নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাস হবে ৯ মিটার দীর্ঘ। সাধারণ যাত্রীদের জন্য লাল বাসের দৈর্ঘ্য হবে ১২ মিটার। তবে বাসগুলোর আসনসংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। আকার ও অভ্যন্তরীণ নকশা বিবেচনায় নিয়ে তা নির্ধারণ করা হবে। বাস পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ঢাকায় প্রয়োজনীয় কারিগরি অবকাঠামো এবং জায়গা বরাদ্দের পরিকল্পনাও রয়েছে।
এদিকে নারীদের জন্য নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে নারী চালক নিয়োগের উদ্যোগও নিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ লক্ষ্যে হালকা যানবাহনের লাইসেন্সধারী নারীদের ভারী যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে।
বিআরটিসির জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম জানান, নির্বাচিত নারী চালকদের বিনা খরচে এক থেকে চার মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। এ কার্যক্রম শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বিআরটিসি ইতোমধ্যে নারী চালক পরিচালিত পিংক বাস সার্ভিস চালু করেছে। এবার শীতাতপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক পিংক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সেবা থেকে মুনাফা অর্জন নয়, বরং নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই মূল লক্ষ্য।
ফাতিমা বেগমের ভাষ্য, পিংক বাস সার্ভিস চালুর পর যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। এমনকি রক্ষণশীল পরিবারের সদস্যরাও এখন নারীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে উৎসাহিত করছেন। এতে দক্ষ নারী চালকদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বিআরটিসির গাজীপুর প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপক মুহাম্মদ মাশিউজ্জামান জানান, প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ নারীদের প্রয়োজন অনুযায়ী দৈনিক মজুরির ভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে করপোরেশনের বিদ্যমান প্রশাসনিক ও আর্থিক বিধিবিধান অনুসরণ করা হবে। ভবিষ্যতে স্থায়ী চালক নিয়োগের ক্ষেত্রেও তাদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তবে এ জন্য আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়ার শর্ত পূরণ করতে হবে।
অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে দক্ষ চালক তৈরির ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বিআরটিসি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ রোড সেফটি প্রকল্প এবং এডিবির স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় নতুন চালকদের বিনা মূল্যে হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ দুই প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৮ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী এ প্রশিক্ষণ নিয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
সরকারের প্রত্যাশা, বৈদ্যুতিক বাস চালু হলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমার পাশাপাশি বায়ুদূষণও নিয়ন্ত্রণে আসবে। একই সঙ্গে নারী চালক পরিচালিত বিশেষ বাস সার্ভিস সম্প্রসারণের মাধ্যমে গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

