নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মাইকিং করে যারা থানায় হামলার আহ্বান জানিয়েছেন, তাদের প্রত্যেককে যাচাই-বাছাই করে শনাক্ত এবং আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে অধিবেশন চলাকালে এ হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, দুষ্কৃতিকারীরা যদি মনে করে তাদের কর্মকাণ্ডের ভিডিও রেকর্ড বা ফুটেজ সরকারের কাছে নেই, তাহলে তারা ভুল করবে। যারা থানায় হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের প্রত্যেককে আজ অথবা কাল শনাক্ত করে আইনের হেফাজতে নেওয়া হবে।
এ সময় গোপালগঞ্জের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকতে হবে। কিছুসংখ্যক দুষ্কৃতিকারী সীমান্তের ওপার থেকে উসকানি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তাদের পাতা ফাঁদে পা না দিতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে হবে।
নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ডের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, এগুলো আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ। তাদের মধ্যে সভ্যতা, ভদ্রতা ও গণতান্ত্রিক মূল্যবোধ নেই। রয়েছে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আচরণ। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা বাংলাদেশের রাজনীতিতে নিজেদের অগ্রহণযোগ্যতা আরও স্পষ্ট করছে।
সংসদে এ সময় যুক্তরাজ্যে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টার বিষয়টিও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শক্তির কিছু কুচক্রী ও সন্ত্রাসী নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টা করেছে। সংসদ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্যে বাংলাদেশের দূতাবাস এবং সংশ্লিষ্ট দেশটির কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় মাইকিং করে জড়ো হওয়া একদল লোক হামলা চালায়। এ সময় থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

