কারও নাতি-পুতিকে ব্যবসা দেওয়ার জন্য জনগণ আমাদের ভোট দেয়নি’: সংসদে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে স্বজনপ্রীতি ও ব্যবসায়িক সুবিধা দেওয়ার রাজনীতির বিরুদ্ধে অবস্থানের কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, কারও নাতি-পুতিকে ব্যবসা পাইয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনেনি। সরকারও এ ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না।

- Advertisement -

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

আন্দালিভ রহমান বলেন, জনগণ তাদের কাছে ইতিবাচক কাজ প্রত্যাশা করে। তাই ব্যবসায়িক সুবিধা দেওয়া বা স্বজনপ্রীতির অভিযোগ তুলে সরকারকে আক্রমণ করার যে প্রবণতা দেখা যাচ্ছে, সেটি সঠিক নয়। সরকার দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার আর্থিক অনিয়মের প্রসঙ্গও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এস আলম ও সালমান এফ রহমানের মতো ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে এসব অনিয়ম যথাযথভাবে প্রতিরোধ করা গেলে দেশের ব্যাংকিং খাত ও ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি আজকের মতো হতো না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় পোশাকশিল্পের মালিকদেরও নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। অনেক উদ্যোক্তা ঋণপত্র (এলসি) খুলতে পারেননি। ওই সময়কার দুর্নীতি ও অনিয়ম দেশের শিল্প খাতের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন তিনি।

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের বিশ্বাস করে, শ্রদ্ধা করে এবং তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করার দায়িত্বও সরকারের রয়েছে। বিশেষ করে পোশাকশ্রমিকদের বেতন প্রদানের ক্ষেত্রে নতুন চিন্তাভাবনার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, শুধু মাসিক বেতন নয়, প্রতিটি সেলাইয়ের বিপরীতেও শ্রমিকদের পারিশ্রমিক পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

আন্দালিভ রহমানের ভাষ্য, দেশের শিল্প খাতের অগ্রগতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় শ্রমিক, মালিক ও সরকার—সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

দেশের চলমান শ্রমিক অসন্তোষ ও বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তার দাবি, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতেই একটি মহল নানা ধরনের তৎপরতা চালাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কিছু ব্যক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

তিনি বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। দেশে গুম-খুন, ব্যাংকিং খাতের অনিয়ম এবং অতীতের দুর্নীতির চিত্র যেন আর ফিরে না আসে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।

পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলনের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, যারা এই শিল্পের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন, তারা নিজেরাই নিজেদের কর্মস্থল ধ্বংস করতে চাইবেন—এমনটি তিনি বিশ্বাস করেন না। বরং আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে তিনি মনে করেন। এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগও তুলে ধরেন তিনি।

দেশে চাঁদাবাজি ও দুর্নীতির অস্তিত্ব স্বীকার করে আন্দালিভ রহমান বলেন, দুর্নীতি কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর সমস্যা নয়; এটি জাতীয় পর্যায়ের একটি নৈতিক সংকট। তাই এ ধরনের সমস্যা সমাধানে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বিরোধী দলের প্রতি সরকারের সমালোচনা অব্যাহত রাখার আহ্বান জানালেও জাতীয় সংকটের সময়ে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। তার মতে, সরকারের ভুলত্রুটি নিয়ে আলোচনা ও সমালোচনা হতে পারে, তবে দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যুতে সবার মনোযোগ দেওয়া জরুরি।

সর্বশেষ