ফরিদপুরের ভাঙ্গায় হামলায় রাজু মোল্লা (৩০) নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপি ও কৃষক দলের নেতারা।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার ঘটনার পর তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পাশাপাশি হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপির নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় হামলায় জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম জানান, রাজু মোল্লা নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের চাচা লিয়াকত মোল্লা অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন তাঁর ভাতিজাকে হামলা করে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুলও এ হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে রাজু মোল্লা নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেন। তাঁরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

