নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লাঠিসোঁটা নিয়ে থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালান এবং গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় উপজেলা পরিষদের পাশে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পরে মাইকিং করে থানা ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়। এর পর লাঠিসোঁটা নিয়ে শত শত মানুষ থানার সামনে জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশের বাধা অতিক্রম করে থানার ভেতরে প্রবেশ করেন। সেখানে ভাঙচুর চালানোর পাশাপাশি আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে কিছুটা দূরে সরে অবস্থান নেন।
এদিকে থানা চত্বরের কিছু অংশে আগুন দেওয়ার পাশাপাশি পাশের পুলিশ মেসেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তবে হামলা, অগ্নিসংযোগ ও গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তার তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

