ফিলিস্তিনিদের আবাসস্থল ও পানির কূপ ধ্বংস করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ফিলিস্তিনিদের পাঁচটি বাড়ি, দুটি পানির কূপসহ একাধিক স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ নভেম্বর) চালানো এ অভিযানে দুই ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

- Advertisement -

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর বরাতে জানা গেছে, বেথলেহেমের আল-ওয়ালাজা গ্রামে ইসরায়েলি বাহিনী ৫০ বর্গমিটার আয়তনের একটি বাড়ি ভেঙে ফেলে। বাড়িটি এর আগেও একবার ধ্বংস করা হয়েছিল। এ ছাড়া গ্রামের আরেকটি বাড়ির আংশিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

আল-ওয়ালাজা গ্রাম পরিষদের প্রধান খাদর আল-আরাজ জানান, অভিযানের সময় ইসরায়েলি সেনারা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে কয়েকজন ফিলিস্তিনি শ্বাসকষ্টে আক্রান্ত হন। এ সময় ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায় সেনারা।

এদিকে পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে হেবরন এলাকার ইয়াত্তা শহরের পূর্বদিকে আল-দিরাত এলাকায় আরও তিনটি বাড়ি ধ্বংস করা হয়েছে। একই অভিযানে ৬০ বর্গমিটারের একটি ভেড়ার খামার ও একটি পানির কূপও গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ছাড়া সালফিত শহরের পশ্চিমে কাফর আল-দিক এলাকায় দুটি তলাবিশিষ্ট একটি বাড়ি এবং আরেকটি পানির কূপ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এসব অভিযানে মোট পাঁচটি বাড়ি ও দুটি পানির কূপ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর এ ধরনের অভিযান ও স্থাপনা ধ্বংসের ঘটনায় স্থানীয় ফিলিস্তিনিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ