ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি মোকাবিলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রবাহিনীর সেনাদের নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইসরায়েল, সৌদি আরব ও লেবাননে ১৭টি শক্তিশালী কংক্রিটের বাঙ্কার নির্মাণের পরিকল্পনা করেছে মার্কিন সেনাবাহিনী। জরুরি ভিত্তিতে এসব বাঙ্কার নির্মাণে ঠিকাদার নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। নির্মাণকাজ শেষ করতে ঠিকাদারদের সময় দেওয়া হবে মাত্র ৪৫ দিন।
পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলে ১০টি, সৌদি আরবে পাঁচটি এবং লেবাননে দুটি বাঙ্কার নির্মাণ করা হবে। এসব আশ্রয়কেন্দ্র ক্ষেপণাস্ত্র, ড্রোন, গোলাবর্ষণ ও বোমার টুকরার আঘাত থেকে সেনাদের সুরক্ষা দিতে সক্ষম হবে।
মার্কিন সেনাবাহিনীর সরকারি ক্রয়সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে সেনাদের জন্য প্রচলিত মানের সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। বর্তমানে ব্যবহৃত রূপান্তরিত পণ্যবাহী কনটেইনারের মতো অপ্রচলিত আশ্রয়কেন্দ্র সরিয়ে শক্তিশালী কংক্রিটের বাঙ্কার নির্মাণ করা হবে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত মার্কিন ও মিত্রবাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
যেভাবে তৈরি হবে বাঙ্কার
পরিকল্পিত বাঙ্কারগুলোতে থাকবে শক্তিশালী কংক্রিটের তিনটি অংশ। প্রবেশ ও বের হওয়ার পথের কাছাকাছি বিস্ফোরণ এবং বোমার টুকরার আঘাত প্রতিরোধে বিশেষ ধরনের দেয়াল বসানো হবে। ‘আলাস্কা ব্যারিয়ার’ নামে পরিচিত এসব দেয়ালের উচ্চতা হবে তিন মিটার এবং প্রতিটির ওজন প্রায় ৬ দশমিক ১ টন।
এ ছাড়া স্নাইপার হামলা থেকে সুরক্ষার ব্যবস্থাও রাখা হবে। বাঙ্কারের ছাদে ১৮ ইঞ্চি পুরু বালুর বস্তার স্তর এবং দুই পাশে চার ফুট পুরু বালুর বস্তার প্রতিরক্ষা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে বাঙ্কারগুলোর সুনির্দিষ্ট অবস্থান এখনো প্রকাশ করা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাচাই-বাছাই শেষে যোগ্য ঠিকাদারদের নির্দিষ্ট সামরিক ঘাঁটির নাম ও অবস্থানাঙ্ক জানানো হবে। ইসরায়েলে নির্মিতব্য বাঙ্কারগুলো দেশটির বিমানবাহিনীর ঘাঁটিতে স্থাপন করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।
দরপত্রে মাত্র তিন দিন, নির্মাণে ৪৫ দিন
প্রকল্পের জরুরি প্রয়োজন বিবেচনায় ঠিকাদারদের মূল্যপ্রস্তাব জমা দেওয়ার জন্য মাত্র তিন দিন সময় রাখছে মার্কিন সেনাবাহিনী। নির্বাচিত ঠিকাদারকে চুক্তি পাওয়ার পর ৪৫ দিনের মধ্যে নির্মাণকাজ শেষ করতে হবে।
বিজ্ঞপ্তিতে নির্মাণকাজে ব্যবহৃত উপকরণ নিয়েও কঠোর শর্ত দেওয়া হয়েছে। পারদ, সিসা, অ্যাসবেস্টস, টলুইন, হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়ামসহ বেশ কয়েকটি রাসায়নিক ও ক্ষতিকর উপাদান ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। এসব উপাদান উড়োজাহাজের কাঠামো, কার্যক্ষমতা, স্থায়িত্ব, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি
মধ্যপ্রাচ্যে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হামলাকারী ড্রোনের তৎপরতার মধ্যে এ উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি ড্রোনের সরাসরি আঘাতে কয়েকজন মার্কিন সেনা নিহত হন। এ ছাড়া জর্ডানসহ অঞ্চলটির বিভিন্ন স্থানে মার্কিন সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক শ কোটি ডলারে পৌঁছেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত মার্চে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের সুরক্ষায় আরও শক্তিশালী আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। অঞ্চলটি সফরের সময় তিনি ঘাঁটির কমান্ডার ও ইসরায়েলি মিত্রদের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে বলেন, দ্রুত বাঙ্কার স্থাপন এবং সেগুলোর সুরক্ষা বাড়ানো এখন পুরো অঞ্চলের অগ্রাধিকার। পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ও বহুতল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।
এরই ধারাবাহিকতায় গত মার্চের শেষ দিকে মার্কিন স্পেস ফোর্সও জর্ডানে দ্রুত সরবরাহযোগ্য শক্তিশালী আশ্রয়কেন্দ্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এসব আশ্রয়কেন্দ্র কয়েক সপ্তাহের মধ্যে, এমনকি চুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যেও সরবরাহের সক্ষমতা থাকতে হবে বলে জানানো হয়েছিল।
ইসরায়েলে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি
এদিকে ইসরায়েলেও যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর তৎপরতা দেখা যাচ্ছে। ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের (আইএনএসএস) সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের কার্যক্রম অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলে স্থানান্তর করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি সময় থেকে ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন পরিবহন উড়োজাহাজ অবতরণ করেছে। ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অন্তত ১৬টি সি-১৭ পরিবহন উড়োজাহাজ সেখানে পৌঁছায়। এর মধ্যে ১১টি এসেছিল টেক্সাসের ফোর্ট ব্লিস থেকে, যেখানে মার্কিন সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটের অবস্থান। ৩ নভেম্বর একই রুটে আরও ১৬টি উড়োজাহাজ চলাচল করে।
এ ছাড়া ইসরায়েলে অন্তত একটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাও মোতায়েন রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থলভিত্তিক সুরক্ষাব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা—দুই ক্ষেত্রেই প্রস্তুতি জোরদার করছে ওয়াশিংটন।
সূত্র: জেরুজালেম পোস্ট

