মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টুকু

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান টুকু।

- Advertisement -

শুক্রবার (২০ নভেম্বর) নগরের মহিষবাথান কবরস্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে চলাফেরা করেন নুরুজ্জামান টুকু। তাঁর একটি পা স্বাভাবিক নয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বসবাসের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নুরুজ্জামান টুকুর পরিবারের সদস্যরাও রাজশাহীর রাজনীতিতে পরিচিত। তাঁদের মধ্যে রয়েছেন পবা-মোহনপুর আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁর ভাই মো. কামরুজ্জামান রাজশাহী মহানগর যুবলীগের সাবেক প্রচার সম্পাদক, শফিকুজ্জামান শফিক মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এবং রফিকুজ্জামান রফিক রাজশাহী জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের আরেক সদস্য নেসকোতে কর্মরত রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় নুরুজ্জামান টুকুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ১৫ নভেম্বর দায়ের করা মামলাটির নম্বর ১৯।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ওই কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করে। রাজশাহীতেও রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য নাশকতা মোকাবিলায় নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে।

সর্বশেষ