নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের তৎপরতা চোখে পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তবে এ ধরনের ঘটনায় কাউকে নিজের হাতে আইন তুলে না নেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ফেনীর দাগনভূঞায় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী একটি সংগঠন নিষিদ্ধ। ফলে সংগঠনটির কোনো ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা যেন এলাকার স্বাভাবিক পরিবেশ ও শান্তিশৃঙ্খলা নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আবদুল আউয়াল মিন্টু বলেন, কোথাও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দিতে হবে। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে নেওয়া যাবে না।
দাগনভূঞার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সবাইকে মিলেমিশে শান্তিতে বসবাস করতে হবে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
এর আগে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএস কায়সার এলিন, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন ও সদস্য সচিব কামরুল উদ্দিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

