দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, পেশাদারত্ব এবং জনগণের আস্থাকে সশস্ত্র বাহিনীর মূল শক্তি হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সংবিধান ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন—এটাই দেশের মানুষের প্রত্যাশা।
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
বাণীতে রাষ্ট্রপতি সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত করতে এই সমন্বিত অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সশস্ত্র বাহিনীর ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যের চেতনাকে উজ্জীবিত করে।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারত্ব সুদৃঢ় করেছিল। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিনীর সম্প্রসারণ এবং প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখেন।
সশস্ত্র বাহিনীর বর্তমান সক্ষমতা ও আধুনিকায়ন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ধারাবাহিক উন্নয়নের ফলে বাহিনী এখন দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী, দক্ষ ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিরক্ষা পরিকল্পনা, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাহিনীর সদস্যদের পেশাদারত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে।
বাণীর শেষাংশে সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে বাহিনীর সব সদস্য এবং তাঁদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

