চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া খন্দকার মোশাররফ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হয়েছেন। কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
রাজনীতির পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ওই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) চেয়ারম্যান নির্বাচিত হয়ে আন্তর্জাতিক পর্যায়েও দায়িত্ব পালন করেন তিনি।
চিকিৎসা শেষে দেশে ফেরায় বিএনপির এই জ্যেষ্ঠ নেতার পরবর্তী রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

