নোয়াখালীতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা, ফটকে আগুন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলাকারীরা কার্যালয়ের প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় ভবনের দুটি জানালার থাই গ্লাসও ভাঙচুর করা হয়। তবে ব্যাংকের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

- Advertisement -

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী বাজারের নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে তাঁরা মিছিল বের করেন। মিছিলটি বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।

একপর্যায়ে মিছিলকারীরা গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে গিয়ে প্রধান ফটকের বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। একই সময় কার্যালয়ের বাইরের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ব্যাংকের সামনে গিয়ে হামলা চালান। আগুনে কার্যালয়ের প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়। এ সময় অফিসের ভেতরে থাকা কর্মচারীরা দ্রুত বাইরে বেরিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের কার্যালয়। পরে তাঁরা কার্যালয়ের প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় জানালার দুটি থাই গ্লাসও ভাঙচুর করা হয়েছে। ঘটনায় কেউ হতাহত হননি।

সর্বশেষ