সশস্ত্র বাহিনী দিবসে তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা। শনিবার সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সাক্ষাৎকালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামও উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সকালে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে হেঁটে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

সর্বশেষ