শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশের বিভিন্ন স্থানে জননিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে সাত জেলায় ৪৯ প্লাটুন সদস্য ইতোমধ্যে দায়িত্ব পালন করছেন। বাকি দুই জেলায় আরও চার প্লাটুন মোতায়েনের প্রস্তুতি চলছে।

- Advertisement -

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় জনজীবন ও শিল্পকারখানার কার্যক্রমে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পরিস্থিতি শান্ত রয়েছে। অন্যদিকে, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মস্থলে ফেরা, কারখানার উৎপাদন সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আনসার সদস্যদের তৎপরতা অব্যাহত রয়েছে।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন এলাকায় সদস্য মোতায়েন করা হচ্ছে।

বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে আরও চার প্লাটুন মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব মিলিয়ে মোতায়েনের সংখ্যা দাঁড়াবে ৫৩ প্লাটুন।

গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন যুক্ত হওয়ায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ফরিদপুরে রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোড, শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুর জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা কার্যক্রম চলছে। এসব এলাকায় পরিস্থিতি শান্ত এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিল্পাঞ্চলের নিরাপত্তায় গাজীপুরে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাক এলাকায় আনসার সদস্যরা টহল দিচ্ছেন। বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগদান ও উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকলেও কিছু প্রতিষ্ঠানে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুর এলাকায়ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। তাদের উপস্থিতিতে কয়েকটি এলাকায় শ্রমিকদের কর্মস্থলে ফেরা এবং সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং নির্বিঘ্নে জনসাধারণের চলাচল বজায় রাখতে আনসার ব্যাটালিয়নের সদস্যদের এই দায়িত্ব পালন অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ