ফিনল্যান্ড উপসাগরে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, নাবিকদের সরানো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অঞ্চল কালিনিনগ্রাদগামী একটি কার্গো জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ফিনল্যান্ড উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার সামুদ্রিক সীমান্তের কাছাকাছি জাহাজটিতে দুটি ড্রোন আঘাত হানে। এ ঘটনায় জাহাজের নাবিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে রুশ কর্তৃপক্ষ।

- Advertisement -

শনিবার (২১ নভেম্বর) সকালে গগল্যান্ড দ্বীপের পশ্চিমে এ হামলার ঘটনা ঘটে। হামলার পর নিরাপত্তার স্বার্থে ফিনল্যান্ড উপসাগরের পূর্বাঞ্চলে আকাশ ও সমুদ্রপথে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ফিনল্যান্ড। তবে হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানিয়েছেন, রাশিয়ার সীমান্ত থেকে মাত্র তিন নটিক্যাল মাইল দূরে কালিনিনগ্রাদগামী জাহাজটিতে দুটি ড্রোন আঘাত হানে। হামলার পর নাবিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে। জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা যায়নি।

বার্তা আদান-প্রদানের অ্যাপ ম্যাক্সে দেওয়া এক পোস্টে গভর্নর এ তথ্য জানান।

অন্যদিকে, কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভাননিখ বলেছেন, এ হামলার কারণে অঞ্চলটির পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সরবরাহ ব্যবস্থায় কোনো ঝুঁকি তৈরি হয়নি।

কালিনিনগ্রাদ রাশিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি ভূখণ্ড। বাল্টিক সাগরের তীরে অবস্থিত অঞ্চলটি পোল্যান্ড ও লিথুয়ানিয়া দ্বারা মূল রাশিয়া থেকে বিচ্ছিন্ন। অঞ্চলটিতে পণ্য, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় রসদ পৌঁছানোর ক্ষেত্রে সমুদ্রপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে কালিনিনগ্রাদগামী কার্গো জাহাজে হামলার ঘটনাটি ওই অঞ্চলের সামুদ্রিক যোগাযোগ ও নিরাপত্তার বিষয়টিকে নতুন করে সামনে এনেছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ