একের পর এক মার্কিন ড্রোন ভূপাতিত, চাপে ওয়াশিংটনের আকাশ আধিপত্য

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

হরমুজ প্রণালির কাছে কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবারের এ ঘটনাকে এ ধরনের ৫৯তম ড্রোন ভূপাতিত করার ঘটনা বলে উল্লেখ করেছে বাহিনীটি। একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের নৌবাহিনী।

- Advertisement -

আইআরজিসির দাবি, এর আগে হরমুজ প্রণালির ওপর দিয়ে উড়ে যাওয়া আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছিল। সেটি ছিল তাদের হিসাবে ৫৮তম। তবে এসব দাবি সম্পর্কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নজরদারি ও হামলার কাজে হরমুজ প্রণালি এবং আশপাশের এলাকায় মার্কিন বাহিনী এমকিউ-৯ রিপার ড্রোন ব্যবহার করে আসছে। মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, সেন্সর ও অস্ত্রের ধরনভেদে প্রতিটি ড্রোনের দাম ৩ কোটি থেকে ৫ কোটি ডলার পর্যন্ত হতে পারে।

প্রতিরক্ষাবিষয়ক সংবাদমাধ্যম ডিফেন্স টকসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমান বাহিনী সংগ্রহ বন্ধ করার পর ২০২৫ সালে এমকিউ-৯এ ড্রোনের উৎপাদন শেষ হয়। বর্তমানে তুলনামূলক কম দামের ড্রোন বেশি সংখ্যায় সংগ্রহের পরিকল্পনা করছে বাহিনীটি।

এদিকে আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তর পৃথক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে কোনো জাহাজ চলাচলের ক্ষেত্রে সতর্কতা ও বিধিনিষেধ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে যেসব জাহাজ তাদের শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রাখবে, সেগুলোকে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতাকারী হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

ইরানি নৌবাহিনীর দাবি, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর এক রাতেই হরমুজ প্রণালিতে একটি তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। তাদের পরিচালনগত প্রতিবেদনে বলা হয়, ট্যাংকার চলাচলের পথ পরিষ্কার করার সময় মার্কিন বাহিনী নৌ-মাইনের বিস্ফোরণের মুখে পড়ে।

অন্যদিকে, হরমুজ প্রণালির পূর্বদিকে নিষিদ্ধ এলাকায় প্রবেশের পর একটি তেলের ট্যাংকারে আগুন লাগার খবর জানিয়েছে ইরানের সেনাবাহিনী। তাদের নৌবাহিনীর ভাষ্য, নৌ-চলাচল নিয়ে জারি করা সতর্কতা ও বিধিনিষেধ উপেক্ষা করে ট্যাংকারটি ওই এলাকায় প্রবেশ করেছিল। এ সময় জাহাজটির শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল। নৌ-মাইনের আঘাতেই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানি বাহিনী।

ইরান বারবার বলেছে, দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে পূর্বসমন্বয় ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ। বিপজ্জনক এলাকায় জাহাজ চলাচলের কারণে নৌ-মাইনের আঘাত ও অগ্নিকাণ্ডের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে তেহরান।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজ প্রণালির প্রধান নৌ-চলাচল পথগুলো মাইনমুক্ত করা হয়েছে এবং এসব পথে জাহাজ চলাচল নিরাপদ।

সূত্র: আল মায়াদিন

সর্বশেষ