জুলাই সনদের ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাহারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীকে: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

জুলাই জাতীয় সনদের ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাহার করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে গণভোটের রায় মেনে সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি।

- Advertisement -

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব দাবি জানান তিনি।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের নামে আগুন সন্ত্রাস, নৈরাজ্য, ভাঙচুর, লুটপাট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায়ের সামনে সংবিধান সংশোধন কমিটির কোনো গুরুত্ব থাকতে পারে না। জনগণের রায় মেনে সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। গণভোটের রায় বাস্তবায়ন করা হলে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন অব্যাহত রাখবে।

দেশের সাম্প্রতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে দেশে রাজনৈতিক সহিংসতা দেখা গেলেও বর্তমানে যেভাবে সড়ক অবরোধ, গাছপালা কাটা, বাড়িঘরে অগ্নিসংযোগ, হাসপাতাল ও থানায় হামলার ঘটনা ঘটছে, তা নজিরবিহীন। সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানাও ছেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের এই নেতা বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হয়েও সহিংসতা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। বিরোধী দলকে দায়ী না করে সরকারের নিজের দায়িত্ব পালনে মনোযোগ দেওয়া উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন গোলাম পরওয়ার। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রাখা প্রয়োজন কি না, তা প্রধানমন্ত্রীকে বিবেচনা করতে হবে। পাশাপাশি মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনও পুনর্বিবেচনার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।

তবে সরকারকে ব্যর্থ দেখতে চান না জানিয়ে গোলাম পরওয়ার বলেন, জামায়াত সরকারকে পদত্যাগের আহ্বান জানায়নি। বরং আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক শক্তিগুলোর মধ্যে ঐক্য ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছে। তাঁর মতে, জুলাই জাতীয় সনদ ছিল সেই ঐক্যের প্রধান ভিত্তি। সরকার এই সনদকে উপেক্ষা করায় জাতীয় ঐক্য দুর্বল হচ্ছে।

সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়সংক্রান্ত বাতিল হওয়া অধ্যাদেশ পুনর্বহাল এবং গুম-খুন কমিশন পুনরায় চালুর দাবি জানান তিনি।

তিনি বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সনদ বাস্তবায়িত হলে কোনো অপশক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির সুযোগ পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সহকারী সেক্রেটারি ও সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।

সমাবেশ যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম ও দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় ও বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

সর্বশেষ