নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে হামলা অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নড়াইলের কালিয়া উপজেলায় সাবেক সংসদ সদস্য ও পৌর মেয়রের বাড়িসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর ও আশপাশের কয়েকটি এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগও উঠেছে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার শিকার বাড়িগুলোর মধ্যে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি বিশ্বাস এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িও রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মীর বাড়িঘরেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের দাবি, সম্প্রতি কালিয়ায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দুই নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই ঘটনার জেরে ক্ষোভ ও প্রতিশোধের মনোভাব থেকে শুক্রবারের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে ১৮ নভেম্বর সন্ধ্যার পর বেন্দারচর এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। সারা দেশে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ককটেল বিস্ফোরণ, পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। শোভাযাত্রায় অতর্কিত হামলার অভিযোগ ওঠে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

ওই হামলায় কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। তাঁদের মৃত্যুর পর থেকেই কালিয়া উপজেলায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।

এ পরিস্থিতিতে শুক্রবার নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং নড়াইল-১ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, এ ঘটনায় যেভাবে খবর ছড়িয়েছে, তার সবটুকু সঠিক নয়। বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে। তবে অন্য যেসব বাড়িঘর ভাঙচুরের কথা বলা হচ্ছে, সেগুলোর কিছু ২০২৪ সালেই ভাঙচুর করা হয়েছিল।

দুই বিএনপি নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে নতুন করে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কালিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ