‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে দেশকে তাবেদার রাষ্ট্র করা যাবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

‘সবার আগে বাংলাদেশ’—এই জাতীয়তাবাদী চেতনায় গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় সশস্ত্র বাহিনীকে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকারের সঙ্গে একই চেতনায় কাজ করতে হবে।

- Advertisement -

শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী শুধু প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নয়; এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব ও বীরত্বের প্রতীক। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসও বিশেষ তাৎপর্যপূর্ণ। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সংকটময় সময়ে বাহিনীর সদস্যরা দেশ ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বর্বর হামলার পর চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন। পরে তিনি সেনাবাহিনীর বাঙালি কর্মকর্তা ও সৈনিকদের সংগঠিত করে সশস্ত্র সংগ্রামে অংশ নেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে জিয়াউর রহমান ব্যাটালিয়নের কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের একত্র করে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার নির্দেশনা দেন। এ ঘটনার বিবরণ জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ ও ‘স্বাধীনতাযুদ্ধের স্মৃতি’ শীর্ষক নিবন্ধে রয়েছে। ১৯৭২ সালে দৈনিক বাংলা, ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রা এবং ১৯৮০ সালে দৈনিক দেশ পত্রিকায় এসব লেখা প্রকাশিত হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন। বেতারের মাধ্যমে সেই ঘোষণা দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। ঐতিহাসিক এসব ঘটনার কারণেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্ম ও বিকাশের ইতিহাস স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করেছে।

সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে বাহিনীকে বিতর্কিত ও দুর্বল করার অপচেষ্টা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার ষড়যন্ত্রও চলেছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই দিন সিপাহী-জনতার ঐক্যবদ্ধ উদ্যোগ দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা প্রতিহত করেছিল। তবে পরাজিত শক্তি পরবর্তী সময়ে আবারও সংগঠিত হয়। তার অভিযোগ, ২০০৯ সালে মহাজোটের নামে একজোট হয়ে পিলখানায় বিডিআর বিদ্রোহের আড়ালে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত করা হয়েছিল। ওই ঘটনার পর বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। একইভাবে ২০২৪ সালে ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় ভূমিকা রেখেছেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান—প্রতিটি ঐতিহাসিক ঘটনায় সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দেশপ্রেমিক জনগণ মনে করে।

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, জনগণের কাছে দায়বদ্ধ গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনীর মধ্যে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতা থাকতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনায় উভয় পক্ষ পরিচালিত হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে কোনো শক্তিই বাংলাদেশকে পরাধীন বা তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।

সর্বশেষ