ইরানের ড্রোন হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় পেন্টাগনের অভ্যন্তরীণ তদন্তের ফল নিয়ে অসন্তোষ জানিয়েছেন নিহতদের স্বজনেরা। তাদের অভিযোগ, হামলার আগে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্কতা থাকা সত্ত্বেও কেন প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি এবং হামলার পর উদ্ধার ও চিকিৎসায় কী ধরনের ব্যর্থতা ছিল, তদন্তে তার সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে নিহত অন্তত তিন সেনার পরিবারের সদস্যদের তদন্তের অপ্রকাশিত ফলাফল সম্পর্কে ব্রিফ করেছে মার্কিন সেনাবাহিনী। প্রায় তিন ঘণ্টার ওই বৈঠকে তদন্তের বিভিন্ন দিক তুলে ধরা হলেও স্বজনদের অনেকেই এতে সন্তুষ্ট হতে পারেননি। তাদের মতে, দীর্ঘ আট মাসের অনুসন্ধানে উঠে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তরও তদন্ত প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
গত ১ মার্চ ইরানের ড্রোন হামলায় কুয়েতের পোর্ট শুয়াইবায় অবস্থিত মার্কিন সামরিক কমান্ড পোস্টে ছয় সেনা নিহত হন। নিহত সবাই ছিলেন মার্কিন সেনাবাহিনীর রিজার্ভ সদস্য। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর মার্কিন সেনাদের ওপর এটি ছিল প্রথম দিকের বড় ধরনের হামলাগুলোর একটি।
সিবিএস নিউজের অনুসন্ধানে উঠে আসে, হামলার কয়েক সপ্তাহ আগে থেকেই ইরানের ড্রোন হামলার সম্ভাবনা নিয়ে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু সেনা কমান্ডাররা এসব সতর্কবার্তাকে যথাযথ গুরুত্ব দেননি বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘাঁটিতে একমুখী আক্রমণকারী ড্রোন প্রতিহত করার মতো পর্যাপ্ত প্রতিরক্ষাব্যবস্থা ছিল না।
এ ছাড়া যুদ্ধ শুরুর আগে মার্কিন গোয়েন্দা তথ্যেও পোর্ট শুয়াইবা স্থাপনাটি ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিল বলে জানা যায়। হামলায় ব্যাপক হতাহতের আশঙ্কা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী ও জরুরি চিকিৎসাব্যবস্থার প্রস্তুতি নিয়েও প্রশ্ন উঠেছে।
এ ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি করেছেন হামলা থেকে বেঁচে যাওয়া মার্কিন সেনা কর্মকর্তা মেজর স্টিফেন র্যামসবটম। গত ১৩ নভেম্বর তিনি কংগ্রেসের কাছে হুইসেলব্লোয়ার অভিযোগ জমা দেন। তার অভিযোগ, ড্রোন হামলার ঝুঁকি সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তারা আগেই সতর্কতা পেয়েছিলেন। কিন্তু প্রয়োজনীয় প্রতিরক্ষাব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ কারণে তিনি ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন।
নিহত সেনাদের পরিবারের সদস্যদের কাছে তদন্তের ফলাফল তুলে ধরার বৈঠকে নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল পিটার গ্লাস। বৈঠক শেষে এক স্বজন জানান, সেখানে এমন কোনো নতুন তথ্য দেওয়া হয়নি, যা শুনে তারা সন্তুষ্ট হতে পারেন।
নিহত মাস্টার সার্জেন্ট নিকোল আমোরের স্বামী জোয়ি আমোরও তদন্তের ব্যাখ্যায় অসন্তোষ জানিয়েছেন। তার ধারণা, হামলার আগে যথাযথ প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হলে তার স্ত্রীকে হয়তো বাঁচানো সম্ভব হতো। তবে তদন্তকারীরা তাকে জানিয়েছেন, হামলায় তার স্ত্রীর আঘাত এতটাই গুরুতর ছিল যে পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী থাকলেও তাকে বাঁচানো সম্ভব হতো না।
তদন্তের ফলাফল নিয়ে স্বজনদের ক্ষোভের আরেকটি কারণ এর দীর্ঘসূত্রতা। জুন মাসেই তদন্তের ফল চূড়ান্ত হলেও নিহত সেনাদের পরিবারকে তা জানাতে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এত দীর্ঘ সময় পরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর না পাওয়ায় তদন্তের স্বচ্ছতা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন তারা।
সিবিএস নিউজের অনুসন্ধান, বেঁচে যাওয়া সেনা কর্মকর্তার অভিযোগ এবং নিহতদের পরিবারের অসন্তোষ—সব মিলিয়ে কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলার আগে ও পরের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। ঘটনা সম্পর্কে স্বাধীন তদন্তের দাবিও জোরালো হচ্ছে।
সূত্র: সিবিএস নিউজ।

