খুলনা নগরের শিববাড়ী মোড়ে রেলওয়ের সীমানাপ্রাচীরে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালি লেপে দিয়েছে দুর্বৃত্তরা। নতুন করে আঁকার ১৬ দিনের মাথায় একই প্রতিকৃতি বিকৃত করার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন প্রতিকৃতিটির মুখমণ্ডল কালিতে ঢেকে দেওয়ার বিষয়টি দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, শিববাড়ী মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে রেলওয়ের সীমানাপ্রাচীরে বিভিন্ন জাতীয় ও বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি এবং জুলাই আন্দোলনের চিত্র আঁকা হয়েছে। সেখানে রয়েছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, চিত্রশিল্পী এস এম সুলতান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদিসহ বিভিন্ন ব্যক্তি।
দেয়ালচিত্রে এস এম সুলতান ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির মাঝখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। দুর্বৃত্তরা অন্য প্রতিকৃতিগুলো অক্ষত রেখে শুধু রবীন্দ্রনাথের মুখমণ্ডল কালিতে ঢেকে দিয়েছে।
এর আগে গত ৬ নভেম্বর একই প্রতিকৃতিতে কালো কালি লাগিয়ে বিকৃত করা হয়েছিল। পরদিন ৭ নভেম্বর খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি আবারও আঁকা হয়। কিন্তু নতুন করে আঁকার দুই সপ্তাহ পার না হতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

