ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় নিজের ব্যক্তিগত বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। গোয়েন্দা সূত্রে তার ওয়াশিংটন ডিসির বাসভবনের অবস্থান ইরান শনাক্ত করেছে বলে মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন। এ তথ্য সামনে আসার পর তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন এ সম্পর্কে অবগত এক নিরাপত্তা কর্মকর্তা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ডিসির অভিজাত জর্জটাউন এলাকায় অবস্থিত বেসেন্টের ব্যক্তিগত বাসভবনটি তিনি ২০২৫ সালের জানুয়ারির শেষ দিকে ১ কোটি ২৫ লাখ ডলারে কিনেছিলেন। বাড়িটি কেনার পর মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এর ওপর থেকে তোলা একটি ছবি প্রকাশ করে। ওই ছবি প্রকাশের পরই তার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।
নিরাপত্তা কর্মকর্তার ভাষ্য, ছবি প্রকাশের পর গোয়েন্দা সূত্রে মার্কিন কর্মকর্তারা জানতে পারেন, ইরান বেসেন্টের বাড়ির অবস্থান শনাক্ত করেছে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় তাকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
ওই কর্মকর্তা সিএনবিসিকে বলেন, ইরানের সম্ভাব্য হামলার হুমকি থেকে নিরাপত্তা নিশ্চিত করতেই অর্থমন্ত্রীকে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিতে হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের হুমকি বাড়তে থাকায় এ সময়ে সতর্ক ও দায়িত্বশীল আচরণ জরুরি।
তবে বেসেন্ট কত দিন ধরে সামরিক ঘাঁটিতে অবস্থান করছেন কিংবা কোন ঘাঁটিতে তাঁকে রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সরকারি নিরাপত্তা বাহিনীর আরেকটি সূত্র জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ ধরে তিনি নিজের বাসভবনের বাইরে অবস্থান করছেন।
এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক চাপ প্রয়োগের কর্মসূচি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর নেতৃত্ব দিচ্ছেন স্কট বেসেন্ট। গত ২৪ আগস্ট শুরু হওয়া এ অভিযানের লক্ষ্য হলো সামরিক পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বিভিন্ন আর্থিক ব্যবস্থার মাধ্যমে ইরানকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা।
এ পরিস্থিতিতে ট্রেজারি বিভাগের এক মুখপাত্র সিএনবিসিকে জানিয়েছেন, ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে বেসেন্ট পিছু হটবেন না। তিনি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বাস্তবায়ন এবং ইরানের ওপর অবরোধ বজায় রাখার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ।
মুখপাত্রের দাবি, এসব নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক পদক্ষেপের সম্মিলিত প্রভাবে ইরানের অর্থনীতি ধসে পড়ছে।
বেসেন্টের নিরাপত্তা নিয়ে এই উদ্বেগ এমন এক সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও অর্থনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। তবে তার বাসভবনের অবস্থান ইরান শনাক্ত করেছে—এমন তথ্যের স্বাধীন কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা এখনো প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

