বাহরাইনে মার্কিন প্যাট্রিয়টের দুটি রাডারে হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে মোতায়েন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুটি রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে বাহিনীটি জানায়, বাহরাইনের রিফা ও আওয়ালি সামরিক স্থাপনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

- Advertisement -

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির জনসংযোগ দপ্তর দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না। বরং সামরিক সরঞ্জাম ও নৌযান সুরক্ষার প্রচেষ্টা সত্ত্বেও সেগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

বিবৃতিতে আইআরজিসি জানায়, শনিবারের শুরুতে যুক্তরাষ্ট্রের দুটি গোয়েন্দা ও আক্রমণক্ষমতাসম্পন্ন এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করে। এর জবাবে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে অভিযান চালায়। এতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুটি রাডারকে লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করা হয়েছে।

প্যাট্রিয়ট যুক্তরাষ্ট্রের তৈরি একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা। শত্রুপক্ষের বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কিছু ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করতে এ ব্যবস্থা ব্যবহার করা হয়। এর রাডার শত্রুপক্ষের লক্ষ্যবস্তু শনাক্ত এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এদিকে ইরানের আকাশসীমাকে নিজেদের সশস্ত্র বাহিনীর জন্য ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে ঘোষণা করেছে আইআরজিসি। বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, কোনো দেশ বা আগ্রাসী শক্তি ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ড বিনা প্রতিক্রিয়ায় ছেড়ে দেওয়া হবে না।

তবে বাহরাইনের রিফা ও আওয়ালি ঘাঁটিতে হামলায় প্যাট্রিয়ট রাডার দুটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি আইআরজিসি। হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়ার তথ্যও উল্লিখিত প্রতিবেদনে পাওয়া যায়নি।

সূত্র: তাসনিম নিউজ।

সর্বশেষ