গাজীপুরে শ্রীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক অসন্তোষের জেরে টানা পঞ্চম দিনের মতো বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। এ সময় লাঠিচার্জও করা হয়। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

- Advertisement -

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা থেকে শ্রীপুরের বৈরাগীর চালা ও মাস্টারবাড়ী এলাকার বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পর তাঁদের একটি অংশ কারখানা থেকে বের হয়ে মহাসড়কে জড়ো হওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ছত্রভঙ্গ করে দেন।

শ্রমিক অসন্তোষের কারণে সোমবারও শ্রীপুরের ১১টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এলাকায় বিজিবি, শিল্প পুলিশ, আনসার, এসআরবিসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার কিছু সময় পর বের হয়ে মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়।

তিনি আরও বলেন, বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ