নারায়ণগঞ্জে ঝুটবোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, পুড়ে ছাই ৮ লাখ টাকার মালামাল

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে পার্ক করে রাখা গার্মেন্টসের ঝুটবোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকে থাকা সব মালামাল পুড়ে গেছে। ট্রাকচালক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দাবি, আগুনে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

- Advertisement -

সোমবার (২৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম থেকে চাঁদনী ট্রান্সপোর্টের পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ওয়েস্টেজ ঝুট নিয়ে ফতুল্লার স্টেডিয়াম বটতলা এলাকার প্রান্ত এন্টারপ্রাইজের উদ্দেশে রওনা দেন চালকরা। রোববার বিকেল ৪টার দিকে যাত্রা শুরু করে সোমবার ভোর ৪টার দিকে তাঁরা গন্তব্যে পৌঁছান। পরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পাঁচটি ট্রাক পার্ক করে চালকরা গাড়ির ভেতরে ঘুমিয়ে পড়েন।

এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পাঁচটি ট্রাকের মধ্যে একটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়েন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তের মধ্যে ট্রাকটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে পাশের ট্রাকগুলোর চালকরা ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

আগুনে ক্ষতিগ্রস্ত ট্রাকের চালক মামুন বলেন, চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে ঝুট নিয়ে তাঁরা ভোর ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। ট্রাক পার্ক করে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর আগুন লাগার খবর পান। ঘুম থেকে উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখে অন্য চালকদের নিয়ে তা নেভানোর চেষ্টা করেন। তাঁর ট্রাকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছিল।

অন্য ট্রাকের চালক মো. রিয়াজ বলেন, তাঁরা পাঁচটি ট্রাক পাশাপাশি রেখে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একটি ট্রাকে আগুন দেখতে পেয়ে মামুনকে ডেকে তোলেন। পরে সবাই মিলে গাড়িতে থাকা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

স্থানীয় নৈশপ্রহরী কামাল হোসেনের দাবি, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তির একজন চলন্ত অবস্থায় ট্রাক লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়েন। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং দ্রুত পুরো ট্রাকে ছড়িয়ে পড়ে।

প্রান্ত এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. মহসিন সরকার বলেন, তাঁদের প্রতিষ্ঠানের জন্য চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ঝুট আনা হয়েছিল। চালকরা গাড়ি পার্ক করে ঘুমিয়ে ছিলেন। পরে জানতে পারেন, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি একটি ট্রাকে আগুন দিয়েছেন। এতে তাঁদের প্রতিষ্ঠানের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জের শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ভোর ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ট্রাকে ঝুটবোঝাই থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গাড়িতে থাকা পানি শেষ হয়ে গেলে পাশের একটি পুকুর থেকে পানি এনে আগুন নেভানো হয়। তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান বলেন, জালকুড়ি এলাকায় টহল দেওয়ার সময় আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি ট্রাকে আগুন জ্বলতে দেখা যায়। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ