বগুড়ার গাবতলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেত্রী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিল্টন হোসাইন (৪০)।
নাজমা আক্তার উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীরপাড়া গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী। অন্যদিকে মিল্টন হোসাইন সোন্দাবাড়ী ভবের বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়, বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনি গাবতলী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে নাজমা আক্তার ও মিল্টন হোসাইনকে গ্রেপ্তার করা হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার পরিপ্রেক্ষিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত অভিযোগ বা তাঁদের আদালতে পাঠানোর বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানা যায়নি।

