রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে হেফাজতে নেয়।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বাসটির চালক ও হেলপারকে মারধর করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
তিনি আরও জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্তে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

