ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞাকে স্বাগত মামদানির, বন্ধ চান মার্কিন সামরিক সহায়তাও

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ফিলিস্তিনিদের ওপর হামলা ও সহিংসতায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে তার মতে, কেবল নিষেধাজ্ঞা দিয়ে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসন বন্ধে দেশটিকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তাও বন্ধ করতে হবে।

- Advertisement -

মঙ্গলবার (২৪ নভেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস ফিলিস্তিনিদের ওপর হামলা ও সহিংসতায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে একটি বিল আনার পরিকল্পনা করছেন। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মামদানি। একই সঙ্গে ডেমোক্র্যাট নেতাদের প্রতি আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মামদানির ভাষ্য, বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। কারণ, তাদের সহিংস কর্মকাণ্ডের কারণে পশ্চিম তীরের বহু ফিলিস্তিনি পরিবার জীবন ও জীবিকার ক্ষেত্রে গুরুতর ক্ষতির মুখে পড়ছে। তবে এই পদক্ষেপের পাশাপাশি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিতেও পরিবর্তন আনা জরুরি।

তিনি অভিযোগ করেন, একাধিক মার্কিন প্রশাসনের সময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অর্থ ও সামরিক সহায়তা দিয়েছে। তার মতে, এখন সময় এসেছে এই নীতির পুনর্মূল্যায়ন এবং ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধ করার।

এদিকে হাকিম জেফরিস জানিয়েছেন, আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে প্রথম ১০০ দিনের মধ্যেই বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিলটি উত্থাপনের পরিকল্পনা রয়েছে তার। একই সময়ে প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হওয়ার দৌড়েও এগিয়ে থাকতে পারেন তিনি।

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরেও মতের পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। দলটির একাংশ এখন ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছে। পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার সঙ্গে জড়িত বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কার্যকর জবাবদিহি নিশ্চিত করার দাবিও জোরালো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ডেমোক্র্যাটদের মধ্যে এ ধরনের অবস্থান জোরালো হওয়া যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে পরিবর্তনের চাপ আরও বাড়াতে পারে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

সর্বশেষ