নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহড়া ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে। পরে বিকেল ৪টার দিকে তিনি ঢাকার উদ্দেশে দ্বীপটি ত্যাগ করেন।
স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর বিশেষায়িত ফোর্সগুলোর সমন্বয়ে এ মহড়ার আয়োজন করা হয়।
মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তিন বাহিনীর সদস্যদের বিভিন্ন সামরিক কৌশল ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।
বিশেষ এই যৌথ অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
মহড়া প্রত্যক্ষ করার পর প্রধানমন্ত্রী বলেন, এই আয়োজন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা, পেশাদারত্ব ও সমন্বিত প্রস্তুতির পরিচয় তুলে ধরবে। তিনি বলেন, ‘আজকের মহড়া বিশ্বের দরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, অন্যান্য পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত।’
উল্লেখ্য, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে বাংলাদেশ সেনাবাহিনী দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে সামরিক প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম শুরু হয়।
গত এক যুগেরও বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ও সমর মহড়ার আয়োজন করা হয়েছে। এসব কার্যক্রমে বিভিন্ন সময়ে নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও অংশ নিয়েছেন। তবে প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে এবারের বিশেষ মহড়াটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো।
মহড়ার আনুষ্ঠানিক কার্যক্রম ও পরিদর্শন শেষ করে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে স্বর্ণদ্বীপ ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

