.ন্যূনতম মজুরি নির্ধারণে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকার দাবিতে অনড় শ্রমিকপক্ষ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনো কোনো ঐকমত্য তৈরি হয়নি। নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় মালিকপক্ষ মাসিক ১৫ হাজার ৭০০ টাকা মজুরির লিখিত প্রস্তাব দিলেও শ্রমিক প্রতিনিধিরা ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছেন। ফলে দুই পক্ষের মতপার্থক্যে মজুরি নির্ধারণের আলোচনা আবারও স্থগিত হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শুরু হওয়া সভার বিরতিতে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

বৈঠকে তৈরি পোশাকশিল্পের বিভিন্ন শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা হয়। এ সময় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত প্রস্তাব পর্যালোচনার পাশাপাশি চূড়ান্ত সুপারিশ তৈরির বিষয়েও আলোচনা করা হয়।

বোর্ড সূত্রে জানা যায়, এর আগের দিন সোমবার (২৩ নভেম্বর) তৃতীয় সভায় প্রায় সাড়ে নয় ঘণ্টা ধরে আলোচনা চলে। ওই বৈঠকে মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা নির্ধারণের আগ্রহ দেখিয়েছিল। তবে পরদিনের সভায় তারা লিখিতভাবে ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব দেয়।

অন্যদিকে, শ্রমিক প্রতিনিধিরা প্রথমে ৩২ হাজার টাকা নিম্নতম মজুরির দাবি জানিয়েছিলেন। পরে সেই দাবি কমিয়ে ২২ হাজার টাকার প্রস্তাব দেন তারা। চতুর্থ সভাতেও নিজেদের অবস্থান পরিবর্তন করেননি শ্রমিকপক্ষের প্রতিনিধিরা।

সভায় শ্রমিক প্রতিনিধিরা মালিকপক্ষের দেওয়া প্রস্তাবকে অযৌক্তিক বলে উল্লেখ করেন। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ৬ হাজার ৩০০ টাকার ব্যবধান থাকায় আলোচনার মাধ্যমে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত উভয় পক্ষের প্রস্তাব পুনর্বিবেচনা করে পরবর্তী বৈঠকে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হলেও নতুন নিম্নতম মজুরি কত হবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

মালিক ও শ্রমিকপক্ষের এই মতপার্থক্যের মধ্যেই পরবর্তী সভার দিকে তাকিয়ে রয়েছেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকেরা।

সর্বশেষ