মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে তাঁদের গ্রহণ করেন বিজিবির সদস্যরা। পরে তাঁদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।
এ নিয়ে চলতি বছরে মিয়ানমার থেকে মোট ৩২৩ জন বাংলাদেশি জেলেকে ফিরিয়ে আনা হলো বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন এসব জেলে। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাঁদের আটক করে রাখাইন রাজ্যে নিয়ে যান। পরে তাঁদের গোষ্ঠীটির নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্থান ও কারাগারে রাখা হয়।
আটক জেলেদের পরিবারের দুর্ভোগ ও মানবিক পরিস্থিতি বিবেচনায় তাঁদের ফিরিয়ে আনতে উদ্যোগ নেয় বিজিবি। এরই ধারাবাহিকতায় বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে ৪১ জনকে গ্রহণ করে।
টেকনাফ জেটিঘাটে আনার পর ফেরত আসা জেলেদের পরিচয় নিশ্চিত করতে যাচাই-বাছাই শুরু হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ কার্যক্রম পরিচালনা করছেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিভিন্ন পর্যায়ে তৎপরতা চালিয়ে মিয়ানমারে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফেরত আসা জেলেদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ ধরার পর দেশে ফেরার পথে আটক হয়েছিলেন।
বিজিবি জানিয়েছে, মিয়ানমারে এখনো আটক থাকা অন্য বাংলাদেশি জেলেদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

