ককটেল বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত,আ.লীগের ২৫০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক :
spot_img

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা টমাস উদ্দিন নিহতের ঘটনায় মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৫০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিদের অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লিটন সরকার বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

পুলিশ জানায়, মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা রয়েছেন। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এদিকে বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে টমাস উদ্দিনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে বেলা ৩টার দিকে গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) বেলা ২টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা (পারচৌকা) এলাকার একটি ভুট্টাখেতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে। কলাগাছের আড়ালে কয়েকজন ওই বিস্ফোরক তৈরি করছিলেন। এতে ঘটনাস্থলেই নিহত হন উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক টমাস উদ্দিন।

নিহত টমাস উদ্দিন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মতুর্জার ছেলে। বিস্ফোরণের পর তাঁর সঙ্গে থাকা আরও তিনজন আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ