কাউকে বিনা চিকিৎসায় মরতে দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশের প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, অর্থের অভাবে কিংবা চিকিৎসাসেবা না পেয়ে কাউকে মৃত্যুবরণ করতে দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে হিমোফিলিয়া রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে আগামী অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হবে। প্রয়োজনে চলতি অর্থবছরেই সম্পূরক বাজেটের মাধ্যমে এ খাতে অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সীমিত জনবল নিয়েও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম হলেও প্রত্যন্ত অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে তাঁরা নিরলসভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের এ প্রচেষ্টার সঙ্গে সরকারও সর্বাত্মক সহযোগিতা নিয়ে পাশে থাকবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, স্বাস্থ্য খাতে ইতিমধ্যে অগ্রগতি হয়েছে। আগামী এক বছরের মধ্যে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের সুফল দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে। বিশ্ববাসীর সামনে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সক্ষমতা ও অর্জন তুলে ধরতে সরকার কাজ করছে।

চিকিৎসক ও নার্সের সংকট প্রসঙ্গে তিনি জানান, এ সমস্যা সমাধানে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা নিশ্চিত করা হবে। মানুষের কল্যাণ এবং উন্নত চিকিৎসাসেবা প্রদানই সরকারের প্রধান অগ্রাধিকার।

অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক আমিন লুতফুল কবির সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক মো. মনিরুল ইসলাম। জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকার ওপর বক্তব্য উপস্থাপন করেন সোসাইটির মহাসচিব মো. আদনান হাসান মাসুদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক হারুন আল রশীদ এবং মহাসচিব মো. জহিরুল ইসলাম (শাকিল) প্রমুখ।

সর্বশেষ