রাজধানীর মিরপুরের পল্লবীতে পার্কিং করে রাখা মধুমতী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর পল্লবী থানার মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর লেনে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিসংযোগের ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিরপুরের মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে বাসটি পার্কিং করা ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

