গোপালগঞ্জে সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ, ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহ নগর পুলিশের এক কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ি থেকে পরিদর্শক মো. সেলিম মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান। তিনি বলেন, স্বাভাবিক প্রক্রিয়ায় সেলিম মিয়াকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তবে পুলিশের ঊর্ধ্বতন একটি সূত্র জানিয়েছে, অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনে গোপালগঞ্জে সংঘটিত সহিংস ঘটনার সঙ্গে এই পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। ওই প্রতিবেদনের ভিত্তিতে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

সূত্রটি আরও জানায়, অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে গোপালগঞ্জের ঘটনায় পরিদর্শক সেলিম মিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ এখনো তদন্তাধীন। এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।

সর্বশেষ