দেশে গণতন্ত্রের ধারাবাহিক সংকটের জন্য অতীতের স্বৈরশাসকদের দায়ী করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের পরও ফ্যাসিবাদের বিরুদ্ধে স্থায়ী সমাধান না হওয়ায় দেশে বারবার স্বৈরশাসনের পুনরাবৃত্তি ঘটেছে। তাঁর ভাষায়, ‘নব্বইয়ের স্বৈরাচাররাই ১৭ বছর ফ্যাসিস্টকে টিকিয়ে রেখেছিল।’
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস থেকে ৭ নভেম্বরকে বাদ দিয়ে যেমন পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়, তেমনি ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের পতন ঘটাতে ডা. মিলনের আত্মত্যাগ ও সংগ্রামও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এসব ঐতিহাসিক ঘটনা কোনোভাবেই মুছে ফেলা যাবে না।
রিজভীর মতে, বাংলাদেশের ইতিহাসে ১৯৭১, ৭ নভেম্বর, ১৯৯০ এবং জুলাই আন্দোলন—প্রতিটি অধ্যায়েরই বিশেষ গুরুত্ব রয়েছে। একটি আন্দোলনের চেতনা পরবর্তী আন্দোলনকে প্রভাবিত করেছে। কিন্তু বিভিন্ন সময়ে একটি ইতিহাসকে আড়াল করতে গিয়ে আরেকটি ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, ১৯৯০ সালের গণতান্ত্রিক আন্দোলনের মূল লক্ষ্য ছিল একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। সেই আন্দোলনের চেতনা পরবর্তী সময়ে জুলাই আন্দোলনেও প্রভাব ফেলেছে।
তিনি আরও বলেন, এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক চেতনা পরবর্তী ৩৬ বছরের রাজনৈতিক সংগ্রামেও মানুষকে অনুপ্রাণিত করেছে। সেই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. মিলন ছিলেন একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের প্রতীক। তাঁর আত্মত্যাগ ছাত্রসমাজের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তৎকালীন বিএমএ নেতা ডা. শামসুল আলম খান মিলন। তাঁর মৃত্যুর পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে, যা এরশাদবিরোধী গণ-আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

