রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান (২৬) নামে এক ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে হোটেলের মহাব্যবস্থাপকসহ (জেনারেল ম্যানেজার) আরও দুই কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পূর্বশত্রুতার জেরে এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে এ হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ওয়ারীর জয়কালী মন্দিরসংলগ্ন ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।
নিহত নাঈমুর রহমান রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ওই হোটেলেই থাকতেন এবং সেখানে ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ জানায়, রাত ২টার দিকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করেন। এরপর তাঁরা নাঈমুর রহমানকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাঁর চিৎকার শুনে হোটেলের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মচারী মো. হাসান (২৬) এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহত তিনজনকে উদ্ধার করে শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন মিয়া জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে এ হামলায় জড়িত থাকতে পারেন। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম হয়েছে। অন্যদিকে কর্মচারী হাসানের পেটে ছুরিকাঘাত লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে নিহত নাঈমুর রহমানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

