পর্তুগালের ভিসা সংগ্রহের উদ্দেশ্যে ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন পাঁচ বাংলাদেশি। তাঁদের অভিযোগ, ভারতে পৌঁছানোর পর একটি চক্র তাঁদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তাঁদের জোর করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফেরার পর ফেনীর পরশুরামে তাঁদের বহনকারী সিএনজি অটোরিকশার চালকসহ ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে পরশুরাম উপজেলার সুবার বাজার সড়কে তাঁদের আটক করা হয়। পরে উত্তর বাজার এলাকায় নিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
আটক পাঁচ বাংলাদেশি হলেন নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিমনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭), আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮) এবং কাশিমনগর এলাকার কামাল উদ্দিন (২৬)। তাঁদের বহনকারী সিএনজি অটোরিকশার চালক বেলাল হোসেন (৩৬)। তিনি ফেনীর পরশুরাম পৌরসভার খন্দকিয়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীদের বরাতে জানা গেছে, গত ১৪ নভেম্বর আখাউড়া চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন ওই পাঁচজন। তাঁদের উদ্দেশ্য ছিল পর্তুগালের ভিসা সংগ্রহ করা। কিন্তু ভারতে যাওয়ার পর তাঁরা একটি দালাল চক্রের কবলে পড়েন। চক্রের সদস্যরা তাঁদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং বিভিন্নভাবে ৯ লাখ ৭০ হাজার টাকা আদায় করে।
ভুক্তভোগীদের অভিযোগ, পরে তাঁদের ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী জয়ন্তীনগর, বীরচন্দ্র নগর অথবা মেলাঘর এলাকার কোনো একটি সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
দেশে ফেরার পর সীমান্ত এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় করে পরশুরামের দিকে যাচ্ছিলেন তাঁরা। পথে সুবার বাজার সড়কে তাঁদের গাড়ি থামানোর সংকেত দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে উত্তর বাজার এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করা হয়।
পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল ও সদস্যসচিব কামরুল হাসান বাবুর নেতৃত্বে সংগঠনটির নেতা-কর্মীরা তাঁদের আটক করেন।
আতাহার হোসেন পাপরুল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশে ফেরার আশঙ্কায় সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা নজরদারি করছেন। দায়িত্ব পালনকালে তাঁদের সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে আটক করা হয়। পরে অনুপ্রবেশের বিষয়টি জানার পর তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই করতে সংশ্লিষ্ট থানাগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পাঁচ বাংলাদেশি বৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে একটি দালাল চক্র তাঁদের জিম্মি করে পাসপোর্ট ও টাকা নিয়ে গেছে বলে তাঁরা অভিযোগ করেছেন।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের একজন বাদী হয়ে মানবপাচার চক্রের সদস্য ও দালালদের বিরুদ্ধে মামলা করবেন। অন্য চারজন ওই মামলায় সাক্ষী থাকবেন। শুক্রবার সকালে তাঁদের আদালতে পাঠানোর কথা রয়েছে। আদালতে জবানবন্দি গ্রহণের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

